ঢাবির বাসে হামলাকারীদের বিচার দাবি

পরিবহন ধর্মঘট চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা ও ঈশা খাঁ বাসে হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ডাকসু নেতা ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, আন্দোলন মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আন্দোলনের নামে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাসে হামলা করেছে। এটি একটি নৈরাজ্য। আমাদের পরিবহন সম্পাদককে বলব, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মামলা না করে তিনি যেন ছাত্রদের পক্ষে বাদী হয়ে মামলা করেন। আর যেন কেউ এ রকম দুঃসাহস না দেখাতে পারে।

পরিবহন সম্পাদক শামস ঈ নোমান বলেন, যারা এ হামলা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, এ হামলায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন।

সদস্য তিলোত্তমা শিকদার বলেন, হামলাকারী শ্রমিকদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এ ধরনের ঘটনার স্পর্ধা আর কখনো যেন না হয়। এ ঘটনার ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের দাবি অব্যাহত রাখব। যদি আমরা হামলার বিচার না পাই আবারও রাজপথে নামব।

মানববন্ধন শেষে ডাকসু নেতারা উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলার আহ্বান জানান।

এ সময় উপাচার্য আখতারুজ্জামান বলেন, যারা এ হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আমরা যেখানে ঘটনা ঘটেছে ওই থানায় মামলা করব। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করছি।

পরিবহন ধর্মঘট চলাকালে বুধবার সকালে শিক্ষার্থীদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের বাস ঈশা খাঁ ও ক্ষণিকা বাসে টঙ্গী ও সাইনবোর্ডে এলাকায় হামলা করেন শ্রমিকরা। শ্রমিকরা ঈশা খাঁ ও ক্ষণিকা বাসে ভাঙচুর করে করে এবং ঈশা খাঁ বাসের ড্রাইভারকে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। এ সময় বাসে কয়েকজন শিক্ষার্থী ছিলেন।