ভারত-বাংলাদেশ দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হচ্ছে শুক্রবার থেকে। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি হবে দিবারাত্রির। দুই দেশের জন্যই এটি প্রথম দিবারাত্রির ম্যাচ। তাই কলকাতা সেজেছে নতুন সাজে। এই ম্যাচের উদ্বোধনী মঞ্চে গাইবেন রুনা লায়লা।
সৌরভ গাঙ্গলির আমন্ত্রণে বৃহস্পতিবার কলকাতায় পৌঁছানোর কথা রুনার। এ দিকে জানা যায়, সৌরভ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রুনা লায়লা নিয়ে যাচ্ছেন ঢাকার মিষ্টি। শুক্রবার সন্ধ্যায় তাদের বাসায় মিষ্টি পৌঁছানো হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
ইডেনের সবুজ গালিচায় দু-দেশের ক্রিকেটারদের গোলাপি যুদ্ধের প্রাক্কালে সংবর্ধনা মঞ্চে দেখা যাবে ক্রিকেট ও রাজনৈতিক জগতের মহারথীদের। তার আগে নভেম্বরের মখমলে দুপুরে শহরে সুরের ঝড় তুলবেন কিংবদন্তি রুনা লায়লা। সুরের মূর্ছনায় ভেসে যাওয়ার অপেক্ষায় স্বর্গোদ্যান। আর শিল্পী সেই প্রতীক্ষায় প্রহর গুনছেন কয়েক সপ্তাহ ধরে।
রুনা জানিয়েছেন, ‘ইডেন টেস্টের জন্য প্রাথমিকভাবে আমাকে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আমাকে জানানো হয়, গোলাপি বলের টেস্টে আমাকে আমন্ত্রণ জানানো হবে। এরপর সৌরভ নিজে ব্যক্তিগতভাবে আমাকে ফোন করেছিলেন। তার আমন্ত্রণ রক্ষা না করে উপায় রয়েছে?’
সৌরভ জানিয়েছেন, সংবর্ধনা সভার আগে সংগীত পরিবেশন করবেন রুনা লায়লা। সিএবি সূত্রেও জানা গেছে, উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী দুটি বাংলা এবং একটি হিন্দি গান পরিবেশন করবেন। রুনা লায়লার সঙ্গে থাকবেন জিৎ গাঙ্গুলিও।