মেয়র আতিকুল

লেক-ডোবা পরিষ্কার রাজউক ও ওয়াসাকে করতে হবে

রাজউক ও ওয়াসার লেক, ডোবা, খাল ও এর আশপাশ প্রথমবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিষ্কার করে দেবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘প্রথমবার আমরা করলেও, পরে তাদের নিজ খরচে পরিষ্কার রাখতে হবে।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড খেলার মাঠে মশক নিধনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী রবিবার থেকে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে কিউলেক্স মশা নিধনে অভিযান পরিচালনা করা হবে। ৫৪০টি জায়গা শনাক্ত করে মোট ৬২০টি হটস্পটে টানা ১০ দিন এ অভিযান চলবে। এ সময় শুক্র ও শনিবার পড়লে সাপ্তাহিক ছুটি বাতিল করা হবে। তিনি আরও বলেন, অভিযানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে। এ জন্য ২০টি মিক্স বোয়ার আনা হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই প্রমুখ।