নতুনভাবে সজ্জিত রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন খুলছে আগামী ৯ ডিসেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। গতকাল বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী সংস্কারের মাধ্যমে এ মিলনায়তনে পরিশীলিত ও মনোরম পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এমএজি ওসমানীর নামে নামকরণ করা প্রায় চার দশকের পুরনো এ মিলনায়তন সংস্কারের মাধ্যমে আধুনিকায়নের জন্য চলতি বছর মার্চ মাসে কাজ শুরু করে গণপূর্ত অধিদপ্তর। প্রকল্পের মেয়াদ অনুযায়ী ২০২০ সালের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত মেয়াদের প্রায় সাত মাস আগে সংস্কার ও আধুনিকায়ন কাজ শেষ হচ্ছে। সংস্কারের পর এটি আন্তর্জাতিক মানে উন্নতি হয়েছে। ৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনসহ বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, ওসমানী স্মৃতি মিলনায়তন আধুনিকায়নের জন্য সিঙ্গাপুর থেকে অ্যাকুয়েস্টিক ডিজাইন করে আনা হয়েছে। এতে প্রতিবন্ধীবান্ধব আসন ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার্থে হুইল চেয়ার বহনযোগ্য লিফট স্থাপন করা হয়েছে। এছাড়া অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, যুগোপযোগী অডিও আউটপুট, দৃষ্টিনন্দন লাইটিং, মিলনায়তনে একটি ভিভিআইপি অফিস ও দুটি কনফারেন্স রুম, নিরাপত্তা সিসিটিভি, নেটওয়ার্কিং ওয়াইফাই ও এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে। গতকাল দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তন পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।