যুবককে বাঁশে ঝুলিয়ে নির্যাতন সেই মেম্বারসহ গ্রেপ্তার ৪

সিলেটের জকিগঞ্জ উপজেলার বড়বন্দ গ্রামে ১০ মাস আগে গিয়াস উদ্দিন (৩৫) নামে এক যুবককে বাঁশে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ চারজনকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করেছে পুলিশ। ওইদিনের নির্যাতনের অভিযোগে গতকাল রাতে জকিগঞ্জ থানায় গিয়াস উদ্দিন মামলা করেছেন। আটক হওয়া ব্যক্তিরা হলোÑ জকিগঞ্জের কাজলশার ইউপি সদস্য (মেম্বার) আবদুস সালাম ওরফে ফকির মাস্তান, ইউপি সদস্য এবাদুর রহমান, তাদের সহযোগী আনোয়ার হোসেন ও শাহজাহান মিয়া।

গত জানুয়ারি মাসে বড়বন্দ গ্রামের ইউপি সদস্য এবাদুর রহমানের বাড়িতে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে গিয়াস উদ্দিনকে নির্যাতন করা হয়। ওই ঘটনার একটি ভিডিও গত বুধবার সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ জানতে পারে। ভিডিওতে দেখা যায়, বাঁশের সঙ্গে হাত-পা বেঁধে চ্যাংদোলা করে ঝুলিয়ে গিয়াস উদ্দিনকে লাঠি দিয়ে পেটাচ্ছে কাজলশার ইউপি মেম্বার আবদুস সালাম। আশপাশে দাঁড়িয়ে আছে সহযোগীরা। পাশ থেকে ওই ঘটনা কেউ একজন ভিডিও করে।

এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আবদুন নাসের জানান, গিয়াস উদ্দিন বড়বন্দ গ্রামের মৃত সফর আলীর ছেলে। বুধবার ভিডিওটি ফেইসবুক থেকে পুলিশের নজরেও আসে। এরপর পুলিশ অনুসন্ধান করে নিশ্চিত হয় নির্যাতনকারী হলো কাজলশার ইউপি মেম্বার আবদুস সালাম। এরপর গতকাল সন্ধ্যায় ওই মেম্বারসহ চারজনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি জানান, আবদুল মান্নানের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়। পুলিশ এখন মামলাটি নতুন করে তদন্ত করবে।