পিকআপ ভ্যানে গরু দেখে পিটিয়ে দুজনকে হত্যা

পিকআপ ভ্যানে করে গরু নিয়ে যেতে দেখে ভারতে এক মুসলিমসহ দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে বৃহস্পতিবার ভোরে এ গণপিটুনির ঘটনা ঘটে বলে জানায় এই সময়।

নিহতদের মধ্যে রবিউল ইসলাম নামে একজনের বাড়ি কোচবিহারের দিনহাটার ওকলাবাড়িতে। নিহত অপরজন প্রকাশ দাসের বাড়ি একই জেলার মাথাভাঙা শহরে। দুজনের বয়স ত্রিশের কাছাকাছি।

কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর জানান, ‘গরু চোর’ সন্দেহে এদিন দুজনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর দুজনেরই মৃত্যু হয়।

তিনি বলেন, একটি পিকআপ ভ্যানে করে ওই দুজন গরু নিয়ে যাচ্ছিলেন। পিকআপটি ধাওয়া করে আটকায় স্থানীয়রা। পরে গাড়ি থেকে নামিয়ে দুজনকে গণপিটুনি দেয় তারা।

এই পুলিশ কর্মকর্তা জানান, গণপিটুনির ঘটনায় ইতোমধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গরুকে হিন্দুরা ‘পবিত্র’ প্রাণী হিসেবে দেখে থাকে। ভারতে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি-বিজেপি ক্ষমতায় আসার পর গরু নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনা বেড়েছে। এসব ঘটনায় নিহতদের প্রায় সবাই সংখ্যালঘু মুসলিম।