বিয়ের অনুষ্ঠানে মদ পানে ২ যুবকের মৃত্যু, হাসপাতালে ৮ জন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পৌর এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার রাতে মদ পানে ২ যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন।

মৃতরা হলেন- দিয়ারা গ্রামের তোজাম্মোল হকের ছেলে গোলাম রব্বানি সাদ্দাম (২৫) ও কোরবান আলীর ছেলে রাসেল রানা (৩১)। এদের মধ্যে রাসেল রানা কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোলাম রব্বানি সাদ্দামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেবার পথে মারা যান।

এ ঘটনায় গুরুতর অসুস্থরা হলেন- একই গ্রামের কোরবান আলীর ছেলে রাশেদ আহম্মেদ (১৬), রমজান আলীর ছেলে আবু বক্কার (২৫), কামরুল ইসলামের ছেলে নাঈম ইসলাম (১৬), বকুল মিয়ার ছেলে শাকিল আহম্মেদ (২২), আব্দুর রহিমের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫), সালাম মিয়ার ছেলে স্বপন মিয়া (২৫), ওয়াহাব আলীর ছেলে রোমান আহম্মেদ (২২) ও নূরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৫)।

এ বিষয়ে কাজিপুর পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে কাজিপুর পৌর এলাকার বিয়ারা গ্রামের সিদ্দিকের ছেলে সৈনিক মানিকের বিয়ের অনুষ্ঠান হয়। রাত ১১টার দিকে ওই গ্রামের নদীর ঘাটে বসে ১০/১২ জন যুবক নেশা জাতীয় পানীয় খেয়ে তার বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে বমি করতে থাকে।

এ সময় দু’জনের একজন কাজিপুর উপজেলা হাসপাতালে এবং অন্যজন বগুড়ার হাসপাতালে নেবার পথে মারা যায়। গুরুতর অসুস্থ ৮ জনকে কাজিপুর ও বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান বলেন, খবর পেয়ে শুক্রবার সকালে বিয়ারা গ্রামে গিয়ে দু’জন মারা যাওয়ার খবর নিশ্চিত করা গেছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। বাকি ৮ জন গুরুতর অসুস্থ হয়েছে বলে জানা গেছে।