জাল মেরেও এত বড় মাছ সহজে ধরা যায় না, আর তিনি বড়শিতেই ধরে ফেললেন বিশাল বোয়াল মাছটি। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা বিষ্ণু রায় বড়শি পেতে মাছটি ধরেন।
জি নিউজ জানায়, দীর্ঘদিন পর জলপাইগুড়ির করলা নদীতে এত বড় বোয়াল মাছ ধরা পড়ল। বৃহস্পতিবার রাতে বড়শিতে মাছটি ধরেন বিষ্ণু রায় নামে এক স্থানীয় বাসিন্দা।
অন্তত ছয় কেজি ওজনের এই মাছের দেখা পেয়ে বিষ্ণু রায়ের চেয়ে খুশি পরিবেশ বিজ্ঞানীরাও। ২০১১ সালে করলায় বিষক্রিয়ায় মৃত্যু হয়েছিল হাজার হাজার মাছের। এরপর থেকে মাছের দেখা মিলতো না বললেই চলে নদীটিতে।
বিষক্রিয়ার ৮ বছর পর বোয়াল মাছ পাওয়ার এই ঘটনায় ধারণা করা হচ্ছে, করলায় নদীতে ফিরেছে মাছ ও জলজ প্রাণীর বাস্তুতন্ত্রের ভারসাম্য।
জানা যায়, অন্য দিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ির ঝোলনা ব্রিজের কাছে করলা নদীতে বড়শি ফেলেছিলেন বিষ্ণু রায়।
সুতায় টান পড়তেই বোঝেন বড়শিতে বড় কিছু বেঁধেছে বড় কিছু। বেশ কিছুক্ষণ লড়াই করে অবশেষে পানি থেকে তোলেন সোনালি বোয়াল। কেজিপ্রতি ১০০০ রুপিতে মাছটি বিক্রি হবে বলে আশাবাদী বিষ্ণু রায়।