কেন অভিনয় থেকে দূরে কুসুম শিকদার?

অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন অভিনেত্রী কুসুম শিকদার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী ঠিক কোন অভিমানে দূরে সরে গেলেন অভিনয় ক্যারিয়ার থেকে? এমন প্রশ্ন তার ভক্তদের মাঝে। দেশ রূপান্তরকে কুসুম জানালেন অভিনয় থেকে দূরে থাকার কারণ।

‘শঙ্খচিল’ চলচ্চিত্রের এই অভিনেত্রী বলেন, ‘প্রায় দেড় বছর ধরে অভিনয় নিয়ে আমার ব্যস্ততা নেই। গত বছরই অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। ক্যারিয়ারের এমন সময়ে অভিনয় থেকে দূরে থাকাটা অনেকের কাছেই কৌতূহল তৈরি করেছে। আমি সবাইকে বলব, এটা একান্তই ব্যক্তিগত কারণ। এখনই বলতে চাই না। আবার যখন অভিনয় শুরু করব, তখন যদি মনে হয় বলা দরকার। তবে সবাইকে বলব। আপাতত এখন অভিনয় করছি না। তবে আমার অভিনয় সহকর্মীদের ভীষণ মিস করি।

কিছুদিন আগেই ‘নেশা’ গানের মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে হাজির হন কুসুম। গানটির মিউজিক ভিডিওতে মডেলও হন তিনি। তবে মিউজিক ভিডিওটি সমালোচনার মুখে পড়ে।

সংগীত নিয়ে ব্যস্ততার কথা জানতে চাইলে কুসুম শিকদার বলেন, ‘এখন গানে তেমন সময় দেওয়া হচ্ছে না। তবে বাসায় নিজের মতো করে গান করি। ঠিক সংগীতচর্চা যাকে বলে, সেটা করা হচ্ছে না। সবশেষ ‘নেশা’ নামে একটি গান প্রকাশ করেছি।

বর্তমান ব্যস্ততার প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘এখন অভিনয়, গান কোনোটাইতে সময় দেওয়া হচ্ছে না। নিজের মতো করে সময় কাটাচ্ছি। পাশাপাশি লেখালেখি করি। এভাবেই আমি বেশ ভালো আছি।’