কুমিল্লায় সীমান্তে যেকোনো অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে কুমিল্লা-১০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা অঞ্চলে ১০৩ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে ২৪ ঘণ্টাই সতর্ক থাকার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা বিজিবির কর্মকর্তারা।
তারা জানান, ভারতের আসাম রাজ্যের নাগরিক পঞ্জি থেকে অনেকের নাম বাদ যাওয়া ও মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে আসা কেউ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারে এ বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
শুক্রবার বিকেলে দেশ রূপান্তরকে এ তথ্য জানান কুমিল্লা-১০ বিজিবির কুমিল্লা বিবিরবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ওমর আলী।
তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া আছে আগে থেকেই।
কুমিল্লা বিবিরবাজার ইমিগ্রেশন কর্মকর্তা এন আই নকুল চন্দ্র বিশ্বাস জানান, স্থলবন্দর এবং বিবিরবাজার ইমিগ্রেশন কর্মকর্তারা সরকারের নির্দেশনা অনুযায়ী সব সময় সজাগ দৃষ্টি রেখে কাজ করছে। অবৈধভাবে একজন অনুপ্রবেশকারীও ইমিগ্রেশন এলাকা দিয়ে বাংলাদেশে যেতে পারবে না।