‘আমরা ইলিয়াস কাঞ্চনের পাশে আছি’ বললেন তারকারা

দীর্ঘদিন ধরে একাই আন্দোলন করে আসছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়কের দাবিতে পর্দার নায়ক রূপান্তরিত হয়েছেন বাস্তবের নায়কে। ইলিয়াস কাঞ্চনের আন্দোলনে সমর্থন জানিয়েছে সরকারও। ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করেছে সরকার। এই নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে পরিবহন শ্রমিকেরা কর্মবিরতিও পালন করেছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা রাজপথে ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা দাহ করেছে। ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। পোস্টার বানিয়ে অসম্মান করা হচ্ছে ইলিয়াস কাঞ্চনকে। পরিবহন শ্রমিকদের এমন আচরণের নিন্দা জানিয়েছে সাধারণ মানুষ। এদিকে ইলিয়াস কাঞ্চনের পাশে দাঁড়িয়েছেন তারকারাও।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘কাঞ্চন ভাইয়ের পাশে শিল্পী সমিতি থাকবে। যারা নিরাপদ সড়ক চায় না তারা  দেশের ও সমাজের শত্রু। যারা ইলিয়াস কাঞ্চন ভাইকে অপমান করেছে তাদেরকে শিল্পী সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। কাঞ্চন ভাই দীর্ঘদিন ধরে মানুষকে সচেতন করে আসছেন, এটা আমাদের গর্বের বিষয়।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের সমর্থনে পোস্ট দিচ্ছেন তারা। চিত্রনায়ক রুবেল বলেন, ‘নিরাপদ সড়কের দাবি নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে দেশের মানুষ রয়েছেন। তাকে নিয়ে যেসব মানুষ বাজে পোস্টার ছাপিয়েছে তারা নোংরা মনের পরিচয় দিয়েছেন। আমি এই ঘটনার প্রতিবাদের পাশাপাশি তাদের বিচারের আওতায় আনার দাবি জানায়।’

চিত্রনায়ক সাইমন বলেন, ‘সারা দেশের মানুষ সবাই নিরাপদ সড়ক চাই। এটার বিরোধিতা করার কোনো কারণ নেই।’

আরও অনেক তারকা ও সাধারণ মানুষ ইলিয়াস কাঞ্চনের সমর্থনে পোস্ট দিয়ে জানিয়েছেন তারা ইলিয়াস কাঞ্চনের এই আন্দোলনের সঙ্গে পাশে থাকবেন।