এসএ গেমসে নেপাল-ভুটানের গ্রুপে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ান ক্রীড়াবিদদের মেগা ইভেন্ট এসএ গেমসের ফুটবল ইভেন্টে নেপাল এবং ভুটানের গ্রুপ ‘এ’তে পড়েছে বাংলাদেশ। নেপাল গতবারের চ্যাম্পিয়ন।

কাঠমাণ্ডুতে শুক্রবার ড্র অনুষ্ঠিত হয়। ‘বি’ গ্রুপে গতবারের রানার্সআপ ভারতের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা। গ্রুপের সেরা দুই দল পাবে সেমি-ফাইনালের টিকিট।

১ ডিসেম্বর নেপালের কাঠমাণ্ডু ও পোখারায় শুরু হবে এসএ গেমসের ত্রয়োদশ আসর। ২৭টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নেবে বাংলাদেশ।

এবারের আসরে ভারতের ফুটবল দলের খেলা কথা ছিল না। কিন্তু ড্রতে তাদের নাম দেখা গেছে।

ভারতীয় কর্মকর্তারা বলছেন, না খেলার বিষয়টি তারা তাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানিয়ে দিয়েছেন। কিন্তু তারপরও নাম রাখা হয়েছে।

সূচি অনুযায়ী ১ ডিসেম্বর নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

১৯৯৯ এবং ২০১০ সালে স্বর্ণপদকজয়ী বাংলাদেশ ২০১৬ সালে ১২তম এসএ গেমসে ছেলেদের ফুটবলে ব্রোঞ্জপদক পেয়েছিল।