পরিচালক সিবি জামানের শারীরিক অবস্থার উন্নতি

চলচ্চিত্র পরিচালক সি বি জামান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে আগের চেয়ে সিবি জামানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সিবি জামানের ছেলে সিএফ জামান।

সিএফ জামান বলেন, ‘আল্লাহ্‌র রহমতে আব্বুর অবস্থা এখন আগের তুলনায় অনেকটাই ভালো। গতকাল আব্বুকে স্ট্রোক সেন্টার থেকে কেবিনে শিফ্‌ট করা হয়েছে। স্ট্রোক ও কার্ডিয়াকের ঝুঁকি এখন অনেকটা কেটে গেলেও তার ক্রিয়েটিনিন এখনো অনেক হাই। আপনারা সকলে দোয়া করবেন যাতে শিগগিরই আব্বুকে সুস্থ করে বাসায় নিয়ে যেতে পারি।’

উল্লেখ্য পান্থপথে এক আত্মীয়ের বাসায় গত ১৯ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে শমরিতা হাসপাতালে নেওয়া হয় এই নির্মাতাকে। পরে একই দিন রাত সাড়ে ৯টার দিকে ইউনিভার্সেল মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ২০ নভেম্বর, বুধবার সিবি জামানের শারীরিক অবস্থা নিয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী দেশ রূপান্তরকে বলেছিলেন, “প্রাথমিক পর্যবেক্ষণে একই সঙ্গে উচ্চ রক্তচাপ ও লো সুগার থাকার কারণে তাকে স্ট্রোক সেন্টারে ভর্তি করা হয়েছিল। পাশাপাশি বার্ধক্যজনিত কিছু সমস্যা আছে। ওনার কিডনিতেও সমস্যা আছে।’

বর্তমানে ডা. ব্রিগে. জেনারেল (অব.) এ বি এম সাইদ হোসেন ও ডা. লে. কর্নেল গোলাম কাওনাইনের তত্ত্বাবধানে রয়েছেন সি বি জামান।

১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সি বি জামান চলচ্চিত্র পরিচালনায় যুক্ত ছিলেন। উপহার দেন ঝড়ের পাখি, উজান ভাটি, পুরস্কার ও কুসুম কলির মতো জনপ্রিয় চলচ্চিত্র। সম্প্রতি ‘অ্যাডভোকেট সুরাজ’ নামের একটি ছবির ঘোষণা দেন তিনি।