মৌলবীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দৈনিক মজুির ৩০০ টাকা ঘোষণার দাবি জানিয়েছেন চা-শ্রমিকরা। চা-শ্রমিকরা বলেন, ১০২ টাকা মজুরি দিয়ে চা-বাগান শ্রমিকদের পাঁচ-সাত সদস্যের পরিবার চালানো সম্ভব হচ্ছে না।
গতকাল শুক্রবার সকালে উপজেলার শমশেরনগরে সাংবাদিক সমিতির কার্যালয়ে ওই মতবিনিময় সভায় চা-শ্রমিক নেতা সীতারাম বীণ লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘চা-শ্রমিকরা যুগ যুগ ধরে অবহেলিত। সপ্তাহে রেশন দেওয়া হয় নিম্নমানের ৩ কেজি ২৭০ গ্রাম আটা বা চাল। শ্রম আইন ও শ্রমবিধি অনুযায়ী আমাদের যেসব সুযোগ-সুবিধা রয়েছে সেখান থেকেও কৌশলে আমাদের বঞ্চিত করা হচ্ছে।
চা-শ্রমিক নেতারা সাংবাদিকদের বলেন, ‘২০০৯ সালে তৎকালীন শ্রমমন্ত্রী দৈনিক ১৫০ টাকা, ২০১৪ সালে সমাজকল্যাণমন্ত্রী ২০০ টাকা, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় স্থানীয় সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার প্রস্তাব করেন। সেই প্রস্তাব বিবেচনায় আনতে তারা সরকারের কাছে দাবি জানান। যদি ৫০০ টাকা করা সম্ভব না হয় তাহলে ন্যূনতম ৩০০ টাকা দৈনিক মজুরি ঘোষণার দাবি জানান তারা।