জিএম কাদেরকে 'ভদ্রভাবে' থাকতে বললেন বিদিশা

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ভদ্রভাবে থাকতে বললেন দলটির প্রয়াত চেয়ারম্যান হুসেই মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। এরশাদ ও বিদিশার সন্তান এরিক এরশাদকে নিয়ে তিনি নিরাপদে থাকতে চান বলেও জানান।

শুক্রবার বারিধারায় প্রয়াত এরশাদের বাসায় সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। সংবাদ সম্মেলনের শুরুতে কথা বলেন এরিক এরশাদ।

এরিক বলেন, এর পেছনে আমার চাচার (জিএম কাদের) হাত আছে। ওনার তো আমার সম্পত্তির ওপর লোভ আছে, এ জন্য এসব করছেন। 

তিনি অভিযোগ করেছেন, আমার মা জোরপূর্বক আর্মস নিয়ে আমার বাসায় এসেছেন, কিন্তু এসব মিথ্যা। আমার মাকে আমি ডেকে এনেছি। তিনি তো নিজের ইচ্ছায় এখানে আসেননি। আমি মায়ের সঙ্গে থাকতে চাই।

এরিকের পর সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বিদিশা।

বিদিশা বলেন, আমি মা হিসেবে আমার সন্তানকে চাই। সে অসুস্থ। বাবা মারা যাওয়ার পরে অন্যরা বিশেষ করে তার চাচা এরিককে যোগাযোগ করতে দেয়নি। আমার সব কিছুর রেকর্ড আছে।

বিদিশা বলেন, তারা এরিককে চায়। এরিক মানে হলো এরিকের ট্রাস্ট। এরিকের সম্পত্তি হাতিয়ে নিতে চায় তারা। অথচ তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। যা আমি গণমাধ্যমের সামনে বলতে পারছি না। আমার সন্তান লড়াই করছে তার মায়ের সাথে থাকার জন্য। সে চায় মাকে নিয়ে জীবনটা কাটিয়ে দিতে।

তিনি বলেন, আমাদের আসল বাধা এরিকের চাচা (জিএম কাদের)। তিনি আমাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছেন। 
বিদিশা এ সময় জিএম কাদেরের উদ্দেশে বলেন, আপনারা নোংরামি করবেন না। আপনারা কাদা ছুড়াছুড়ি করলে আমিও বসে থাকবো না। আপনারা যেভাবে ভদ্রভাবে আছেন, সেভাবে থাকেন।

তিনি আরো বলেন, তারা আমাকে রাজনীতিতে হুমকি মনে করছে। কারণ আগে আমি সফলভাবে রাজনীতি করেছি। সামনেও করতে পারি। তাই তারা আমাকে থ্রেট হিসেবে ভাবতেই পারেন। তবে সবকিছুর আগে আমার সন্তান। আমি আমার সন্তানের সঙ্গে নিরাপদে থাকার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই। ইতোমধ্যে আমার সন্তান প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন নিরাপত্তার জন্য। আমি আমার সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

বিদিশা বলেন, আমি আইনজীবীদের সঙ্গে আলাপ করছি। আমি কী পদক্ষেপ নেব, আপনাদের তা জানাব।

তিনি বলেন, তারা আমাকে বলেছে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। হয়ত তারা আমাকে এবং আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারে। তারা আমার সন্তানের কেন ক্ষতি করতে চায়? আমার সাথে মোকাবেলা করুক। এরিকের সঙ্গে নয়।

বিদিশা বলেন, আমি চাই আমার সন্তানকে সুন্দর, স্বাভাবিকভাবে থাকতে, বাকি জীবনটা কাটাতে। কেউ যেন আমাদের বিরক্ত না করে।

এরশাদের ছেলে এরিক এরশাদ তার মা বিদিশাকে নিয়েই বারিধারায় প্রেসিডেন্ট পার্কের বাসায় থাকতে চান। এই ইচ্ছার কথা জানিয়ে এরিক কয়েকদিন আগে রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ গত ১৪ জুলাই মারা যান।