এনএসআইয়ে নিয়োগ: ১৮ ভুয়া পরীক্ষার্থী কারাগারে

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠপর্যায়ের সদস্য ও কর্মকর্তা নিয়োগের লিখিত পরীক্ষায় ১৮ ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছেন।

শুক্রবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) পরীক্ষাকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটক সবাই দোষ স্বীকার করায় বিকেলে তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়ে কারাগারে পাঠায় ভ্রাম্যমাণ আদালত।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল মাবুদ দেশ রূপান্তরকে বলেন, আটক ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করেন। পরে ১৬ জনকে এক মাস ও দুজনকে ১৫ দিনের বিনাশ্রম দণ্ড দেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার।

এক মাস দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহিন আলম, শাহিন তালুকদার, কাউছার আলী, বাহারুল ইসলাম, আলমগীর হোসেন, সোহেল আহমেদ, শাহাদত হোসেন, শহীদুল্লাহ, শাহজামাল, গোলাম রব্বানী, এএসএম ইছা খান, মাজেদুল ইসলাম, হাবিবুল বাশার, শরিফুল ইসলাম, রফিক মিয়া ও আবদুর রহিম। ১৫ দিনের দণ্ডপ্রাপ্তরা হলেন- বিএম রাফি ও ইসরাফ হোসেন।

এনএসআইর এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, ওয়াচার কনস্টেবল ও জুনিয়র ফিল্ড অফিসার পদে নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালে কয়েকজন পরীক্ষার্থীর নাম, স্বাক্ষর ও ছবিতে গরমিল পান সংস্থার গোয়েন্দা কর্মকর্তারা। পরে জিজ্ঞাসাবাদে সবাই অন্যের পরীক্ষা দিতে এসেছেন বলে স্বীকার করেন। এরপর আটক করে তাদের পল্লবী থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের অধিকাংশই ঢাকা, রাজশাহী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী। কেউ কেউ ভাই ও বন্ধুর জন্য ‘প্রক্সি’ পরীক্ষা দিতে এসেছিলেন। আবার কেউ মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্যের পরীক্ষা দিচ্ছিলেন।