দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুবের (২৩) বিরুদ্ধে থানায় উত্ত্যক্তের অভিযোগ করেও নিরাপত্তাহীনতায় ভুগছে এক মাদ্রাসাছাত্রী ও তার পরিবার। ভুক্তভোগীরা জানায়, ওই ছাত্রলীগ নেতা ও তার সহযোগীরা প্রতিনিয়ত হুমকি-ধমকি দিচ্ছে অভিযোগ তুলে নেওয়ার জন্য।
জানা যায়, উপজেলার চাটুলী গ্রামের ওই ছাত্রী (১৬) সাহারপাড় দাখিল মাদ্রাসা পড়ে। গত ৪ সেপ্টেম্বর মাদ্রাসায় যাওয়ার সময় একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে মাহাবুব তার পথরোধ করে শ্লীলতাহানিসহ অশ্লীল কথাবার্তা বলে তার হাত ধরে টানাহেঁচড়া করে। ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এলে মাহাবুব পালিয়ে যায়। যাওয়ার সময় তাকে অপহরণের হুমকি দেয়। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর দেবীদ্বার থানায় ওই ছাত্রী অভিযোগ দেয়। এরপর থেকে মাহাবুব ও তার সহযোগীরা অভিযোগ তুলে নিতে ছাত্রী এবং তার পরিবারকে হুমকি দিচ্ছে।
ওই ছাত্রীর বড়বোন জানান, মাহাবুব ও তার সহযোগীদের ভয়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে তার বোন। তিনি বোন ও পরিবারের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা চান। দেবীদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, বিষয়টি তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বক্তব্য নিতে ছাত্রলীগ নেতার মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।