মিরপুরে ট্রাকের চাকায় পিষ্ট স্কুলছাত্রী

রাজধানী মিরপুরে কাজীপাড়া রোডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেখ সোহেলী (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। সোহেলী  মিরপুর গার্লস আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পুলিশ কাজীপাড়া মডার্ন ফার্নিচার গ্যালারির সামনের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে।

মিরপুর মডেল থানার এস আই রহিম মোল্লা দেশ রূপান্তরকে বলেন, রাত সাড়ে ১১ টার দিকে ধানমন্ডির একটি পার্টি সেন্টার  থেকে সোহেলী তার বন্ধুর মোটরসাইকেলে চড়ে মিরপুর-২ এর পূর্ব মণিপুরী পাড়ার বাসায় ফিরছিলেন। পথে কাজীপাড়া মডার্ন ফার্নিচার গ্যালারির সামনে ট্রাকের ধাক্কায় ডানদিকে পড়ে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে মেয়েটির লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। মেয়েটির পরিবারকেও খবর দিই। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মেয়েটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেয়েটির বাবা শেখ শওকত আলী পেশায় ব্যবসায়ী। গোপালগঞ্জের কোটালিপাড়ায় তাদের বাড়ি। শওকত আলী দেশ রূপান্তরকে বলেন, সোহেলী তাদের একমাত্র সন্তান। সে তার মাকে ফোন দিয়ে বাসায় ফেরার কথা জানিয়েছিল, কিন্তু ঘাতক ট্রাক আর ফিরতে দিল না। গ্রামের পারিবারিক কবরস্থানে সোহেলীকে দাফন করা হয়েছে বলে জানান।

মিরপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাক জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।