কদমতলী থেকে অপহৃত যুবক কেরানীগঞ্জে উদ্ধার

পুরান ঢাকার কদমতলী এলাকা থেকে অপহৃত যুবককে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব-১০। তার নাম বেলাল হোসেন। এ সময় অপহরণকারী চক্রের সদস্য নাদিমকে গ্রেপ্তার করা হয়। তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শুক্রবার বিকেলে র‌্যাব-১০ এর প্রেস বিজ্ঞপ্তিতে বেলালকে উদ্ধারের তথ্য জানানো হয়। দক্ষিণ কেরানীগঞ্জের মুহুরীপট্টির বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, পরিবারের কাছ থেকে বৃহস্পতিবার রাতে অভিযোগ পাওয়ার পরপরই বেলালকে উদ্ধারের চেষ্টা চলছিল। পরে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে দীর্ঘ চেষ্টার পর অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। একটি বাড়িতে অপহৃত যুবককে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছিল।

এ ঘটনায় কদমতলী থানায় মামলা হয়েছে। উদ্ধার হওয়া বেলাল হোসেন কদমতলীর পূর্ব জুরাইন নামা শ্যামপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকেন।