কলকাতার ইডেন গার্ডেনসে দিবা-রাত্রির গোলাপি বলের টেস্টে প্রথম দিনই ছন্নছাড়া বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নামা দলটিকে মাত্র ১০৬ রানে গুঁড়িয়ে দেওয়ার পর ৬৮ রানের লিড নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে টিম ইন্ডিয়া। দলের এই দৈন্যদশার কারণ হিসেবে গোলাপি বলে প্রস্তুতি না নেওয়াকে দায়ী করছেন অতিথি দলের কোচ রাসেল ডমিঙ্গো।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকান এ কোচ বলেন, “গোলাপি বলে একটা প্রস্তুতি ম্যাচের প্রয়োজন অনুভব করেছিলাম। এই বিষয়ে প্রস্তাব রেখেছিলাম। কিন্তু বর্তমান সূচিতে সময় ছিল একেবারে কম। উভয় দলের জন্য এটা একই। যদিও আমরা চার দিন অনুশীলনের সুযোগ পেয়েছি, তবে একটি প্রস্তুতি ম্যাচ অনেক সাহায্য করতে পারত।”
“ছেলেরা গোলাপি বলের সঙ্গে মানিয়ে নিতে আরও সময় পেত। তবে এটা কোনো অজুহাত নয়। আমি বলব না যে আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম না। তারাও (ভারত) অনুশীলনের জন্যই একই পরিমাণ সময় পেয়েছে।”
একই সঙ্গে পাঁচ দিনের ক্রিকেটে ভারত আর বাংলাদেশ দলের পার্থক্যটাও সামনে তুলে এনেছেন টাইগারদের ডমিঙ্গো। তার মতে, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই এগিয়ে স্বাগতিকরা।
“প্রস্তুতি ছয় বা সাত দিনের যাই হোক না কেন, দুই দলের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আপনি যদি ভারত আর বাংলাদেশ দলের পারফরম্যান্স তুলনা করেন, এই মুহূর্তে অনেক ফারাক রয়েছে। ব্যাটিং-বোলিং দুই ক্ষেত্রেই। আপনি বিরাট কোহলির রেকর্ড দেখুন। সে ২৬টি সেঞ্চুরি করেছে। আমাদের সবাই মিলে ১৬-১৭টি সেঞ্চুরি করেছে। স্বাভাবিকভাবে টেস্ট ক্রিকেটে আমরা অনেক পিছিয়ে আছি।”