রাত পর্যন্ত খবর ছিল শিবসেনা, কংগ্রেস ও এনসিপি জোট বেঁধে সরকার গড়ছে মহারাষ্ট্রে। মুখ্যমন্ত্রী পদে শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে শপথ নেবেন বলেই জানতেন সবাই।
শনিবার সকালেই হিসেবটা বদলে গেল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফডণবীস।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, এনিয়ে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।
উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জোট সরকারের শরিক এনসিপি’র অজিত পাওয়ার। তিনি এনসিপি প্রধান শারদ পাওয়ারের ভাতিজা।
শপথ গ্রহণের পর দেবেন্দ্র ফডণবীস বলেছেন, ‘বিজেপি মহারাষ্ট্রের মানুষদের স্থায়ী সরকার দিতে চায়। শিবসেনা জনরায় মেনে নেয়নি। সরকার গঠনে সাহায্য করার জন্য এনসিপি-কে অনেক ধন্যবাদ।’
এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য দেবেন্দ্র ফডণবীস ও অজিত পাওয়ারকে টুইট করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সরকার গঠন নিয়ে বিজেপির সঙ্গে বিরোধ বাঁধে দীর্ঘদিনের শরিক শিবসেনার। কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাষ্ট্রপতি শাসন জারি ছিল মহারাষ্ট্রে। তবে মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বকে অভয় দিয়ে আসছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।
দীর্ঘ দর–কষাকষির পর শিবসেনা, এনসিপি ও কংগ্রেস মিলে এখানে সরকার গঠন করবে বলে নয়া জোটের তরফে জানানো হয়। তবে সবাইকে অবাক করে শেষ পর্যন্ত জোট বাঁধল বিজেপি ও এনসিপি। এবার অমিতের চালে কুপোকাত দীর্ঘ দিনের মিত্র শিবসেনা।