জীবিকার তাগিদে কয়েক লাখ ভারতীয় পাড়ি দিয়েছেন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে। প্রতি বছর সংখ্যাটা বাড়ছে পাল্লা দিয়ে। সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাটাও।
ভারতের সরকার হিসাব অনুযায়ী, ছয়টি আরব দেশে দিনে কমপক্ষে ১৫ জন প্রবাসী ভারতীয়র মৃত্যু হয়। কেউ ঋণের চাপে আত্মহত্যা করেন, কেউ আবার অসুস্থতায় মারা যান।
বৃহস্পতিবার লোকসভায় তেলেঙ্গানার কংগ্রেস সদস্য তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি উত্তম কুমারের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০১৪ সাল থেকে আরব দেশগুলোতে ৩৩ হাজার ৯৮৮ জন প্রবাসী ভারতীয়ের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত সংখ্যাটা ৪ হাজার ৮০০।
দেশগুলোর মধ্যে রয়েছে- কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত।
লোকসভা অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন এই তথ্য পেশ করেন বলে জানায় এই সময়।
তেলেঙ্গানার প্রবাসী শাখার কর্মকর্তা চিট্টি বাবু বলে, ‘দেশের অন্য রাজ্যের তুলনায় তেলেঙ্গানার বাসিন্দাদের ক্ষেত্রেই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। গত পাঁচ বছরে এই রাজ্য থেকে আরব দেশগুলোতে যাওয়া বাসিন্দাদের মধ্যে কমপক্ষে ১,২০০ জনের মৃত্যু হয়েছে।’
অবশ্য সেসব মৃতদের নামই তেলেঙ্গানা সরকার নথিভুক্ত করে, যাদের দেহ বিমানবন্দর থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বিনামূল্যের অ্যাম্বুলেন্স পরিষেবা নেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কেবল এ বছর অক্টোবর পর্যন্ত আরব দেশে থাকা প্রবাসীদের কাছ থেকে ১০ হাজারের বেশি অভিযোগ এসেছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের বিষয়বস্তু প্রতারণা কিংবা বঞ্চনা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এজেন্টদের প্রতারণার অভিযোগ সবচেয়ে বেশি। এছাড়াও ঠিকমতো পারিশ্রমিক না পাওয়া, কাজের ক্ষেত্রে ন্যায্য সুযোগ-সুবিধা না পাওয়ার মতো ঘটনা রয়েছে। এমনকি সাপ্তাহিক ছুটিও অনেকে পান না বলে অভিযোগ করেছেন।’