দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে রবিবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ২টায় বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপির এই মুখপাত্র বলেন, আমরা ইতোমধ্যে পুলিশের কাছে আবেদন করেছি। উল্লিখিত দুটি স্থানের মধ্যে যেকোনো একটিতে সমাবেশ অনুষ্ঠিত হবে।
দলের পক্ষ থেকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সাধারণ জনগণসহ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুই মামলায় ১০ ও ৭ বছর সাজাপ্রাপ্ত খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।
অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন পঙ্গুত্বের ঝুঁকিতে আছেন জানিয়ে তার জামিনের দাবি করে আসছে বিএনপি। তবে মেডিকেল কর্তৃপক্ষ তার গুরুতর অসুস্থতার দাবি নাকচ করে দিয়েছে।