ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিজ দেশের জনগণের কষ্ট টের পায় না দাবি করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের ভাবাদর্শ হচ্ছে- নিজ দেশে অত্যাচারী আর অন্য দেশের প্রতি নতজানু থাকা।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের অনুমতি না পাওয়ায় শনিবারের বদলে রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সমানে অথবা জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ২টায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপিকা শাহিদা রফিক প্রমুখ।
রিজভী বলেন, কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সরকার তাকে যথাযথ চিকিৎসা দিচ্ছে না। আবার জামিনে মুক্তি পেতেও বাধা দিচ্ছে। এ অবস্থায় সরকারের আচরণে জনগণের মনে প্রশ্ন যে, দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার নীল নকশা বাস্তবায়নের পথে সরকার প্রধান দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে কি না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করলেও তিস্তার পানি নিয়ে কোনো কথা বলেননি। শেখ হাসিনা ও মমতা ব্যানার্জির সাক্ষাৎ কেবল শাড়ি আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রায় প্রতিদিন সীমান্ত হত্যা চললেও এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ বন্ধ রেখেছেন। দেশ মরুভূমি হয়ে যাক, সীমান্তে প্রতিদিন মানুষ মরলেও শেখ হাসিনার কিছু আসে যায় না।
‘মানুষ বিমানে চড়তে পারে না, আর আমি বিদেশ থেকে বিমানে পেঁয়াজ নিয়ে আসছি’ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে রিজভী বলেন, অবৈধ সরকারের গবুচন্দ্র মন্ত্রীদের মুখে এ ধরনের কাণ্ডজ্ঞানহীন বক্তব্যই শোভা পায়। জনশ্রুতি আছে-বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বেই ব্যবসায়ী সিন্ডিকেট পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশচুম্বী করেছে।