৪১তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি রবিবার হতে পারে

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি রবিবার প্রকাশ করা হতে পারে বলে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্র জানিয়েছে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানিয়েছে পিএসসি।

বিজ্ঞপ্তি প্রকাশ উপলক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের আগ মুহূর্তে রবিবার সকালে পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এক বৈঠকে বসবেন। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ১৩৫ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে।

পিএসসির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, রবিবার সকালে পিএসসিতে ৪১ তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি মিটিং রয়েছে। সভা শেষেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গতকাল দেশ রূপান্তরকে বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। খুব শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে ঠিক কবে বিজ্ঞপ্তি দেওয়া হবে তা স্পষ্ট করে তিনি জানান নি।

এদিকে পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ৪১তম বিসিএস পরীক্ষার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসি নির্দেশনা পেয়েছে। মন্ত্রণালয় থেকে পাঠানো চাহিদাপত্র তারা হাতে পেয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের চূড়ান্ত অবস্থানে আছে পিএসসি।  

৪১তম বিসিএসে সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষাতে প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক ১০ জন নেয়া হবে। শিক্ষার পরে বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেয়া হবে।  পুলিশে ১০০, বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন। পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহা হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক ৮ জন নেয়া হবে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট একজন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক একজন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩ জন নেয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫ জন, সহকারী বেতার প্রকৌশলী ৯ জন, স্থানীয় সরকার বিভাগে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী ৩৬ জন, সহকারী বন সংরক্ষক ২০ জন। সহকারী পোস্ট মাস্টার জেনারেল পদে ২ জন, বিসিএস মৎস্যতে ১৫ জন, পশুসম্পদে ৭৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জন। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, বিসিএস খাদ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) ১৫ জনসহ মোট ২ হাজার ১৩৫ জন কর্মকর্তাকে এই বিসিএসে নিয়োগ করা হবে।