নিজের লাগেজ নিজেই বয়ে বেড়াচ্ছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট

ইউরোপের দেশ অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজেন্ডার ভন দ্য বেলনের একটি ছবি ফেইসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, দেশটির রাজধানী ভিয়েনার রেলস্টেশনে নিজের লাগেজ নিয়ে নিজেই এগিয়ে যাচ্ছেন তিনি। আশপাশের অনেকে দেখছেন তাকে, কেউ হয়ত তাকাচ্ছেনও না। সাধারণ একজন যাত্রী যেন।  

শুক্রবার অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নিজের ভেরিফায়েড ফেইসবুকে ছবিটি পোস্ট করেন। ইতালি যাওয়ার আগে ছবিটি তার  টুইটারেও পোস্ট করেন। 

ফেইসবুকে তিনি ছবির ক্যাপশনে লেখেন, মেরানোতে (ইতালি)‌ যাচ্ছি। ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা ও সাউথ টাইরল প্রদেশের গভর্নর আরনো কমপ্যাটচারের সঙ্গে সাক্ষাৎ করবো। আমরা সাউথ টাইরল প্যাকেজের ৫০ বছর পূর্তি উদযাপন করব।

প্রেসিডেন্টের পাশে কোন দেহরক্ষী বা প্রটোকল নেই। নিজেই বয়ে বেড়াচ্ছেন নিজের লাগেজ। আর এমন দৃশ্যে প্রেসিডেন্টকে দেখে নেটিজেনরা রীতিমত তার ভক্ত বনে গেছেন।

তারা বলছেন, প্রেসিডেন্টকে এমনই হওয়া উচিত। যেখানে বিশ্বের সব দেশের রাষ্ট্র প্রধান ও শীর্ষ কর্মকর্তা বডিগার্ড ও প্রটোকল নিয়ে চলাফেরা করেন সেখানে এই প্রেসিডেন্টের লাগেজ বহন করার মতো কেউ নেই।