ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে ৪ শিশু আটক করেছেন হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনরা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া খবরের সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালের ভেতরে রোগীর স্বজনদের মোবাইল চুরি করছিল এই ৪ শিশু। তখন রোগীর স্বজনরাই আনসারের সহযোগিতায় তাদের আটক করে হাসপাতালের পুলিশ ক্যাম্পে নিয়ে আসে। তাদের শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, আটক শিশুদের কাছ থেকে এক রোগীর স্বজনের চুরি হওয়া মোবাইল সেট পাওয়া গেছে। পরে মোবাইল সেটটি তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।