মোরালেসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ

বলিভিয়ায় সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে দেশটির অন্তর্বর্তী সরকার রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাসবাদের আনুষ্ঠানিক অভিযোগ এনেছে বলে জানিয়েছে বিবিসি।

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আরতুরো মুরিলোর মতে, মোরালেসের নির্দেশেই তার সমর্থকরা বিভিন্ন মহাসড়ক আটকে রেখেছেন। এতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় খাদ্য সরবরাহে ব্যাঘাত ঘটছে। প্রতিক্রিয়ায় আদিবাসী নেতা মোরালেস টুইটারে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র মদদ দিচ্ছে এমন অভিযোগও করেন তিনি। চলতি মাসে সেনাবাহিনী ক্ষমতা ছেড়ে দিতে বলার পর আদিবাসী এ নেতা পদত্যাগ করে মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় নেন। এরপর থেকেই দক্ষিণ আমেরিকার দেশটিতে শুরু হয় তুমুল বিক্ষোভ। মোরালেসপন্থিদের বিক্ষোভে পুলিশ ও সেনাবাহিনীর হামলা ও গুলিতে অন্তত ২৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে মুরিলো জানান, মেক্সিকো থেকে মোরালেসই যে তার সমর্থকদের দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির কথা বলেছেন, সে সংক্রান্ত একটি অডিও রেকর্ডিং কৌঁসুলিদের হাতে দেওয়া হয়েছে। তারা রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাসবাদের দায়ে মোরালেসের সর্বোচ্চ সাজা চাইবেন।

মোরালেস দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে এর আগেই আনিয়েজ শাসিয়েছিলেন। ২০০৫ সালে প্রথমবার প্রেসিডেন্ট হওয়া মোরালেসের ১৪ বছরের শাসনামলে লাতিন দেশটির অর্থনৈতিক ও সামাজিক খাতে অভাবনীয় উন্নতি হয়েছে।