টসের সিদ্ধান্তে ধাক্কা খেয়েছেন পাপন

ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথম ব্যাটিং বেছে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু আগের দিন নাকি বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক বিসিবি সভাপতিকে বলেছিলেন টস জিততে বোলিংয়ের সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্ত উল্টে যেতে দেখে যারপরনাই বিস্মিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

উপমহাদেশের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচটিতে শুক্রবার অতিথি হিসেবেই মাঠে ছিলেন নাজমুল হাসান পাপন। খেলা দেখতে শনিবার ম্যাচের দ্বিতীয় দিনও তিনি এসেছিলেন মাঠে। কিন্তু দিন শেষে ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের বিসিবি বস দিলেন অবাক করা তথ্য।

নাজমুল হাসান বলেন, ‘যখন আমরা টসে জেতার পর ব্যাটিং নিতে দেখি, তখন প্রথম ধাক্কাটা খেয়েছি আমি। ভারতীয় যত জনের সাথে কথা হয়েছে, তারা বলেছে টসে জিতলে তারা ফিল্ডিংই নিত।’

তবে বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো আগের দিন সংবাদ সম্মেলনে ব্যাটিং নেওয়ার পক্ষেই যুক্তি দিয়েছেন। পাপন অবশ্য বলছেন, ‘প্রথমে ব্যাটিং নেওয়ায় সত্যিই আশ্চর্য হয়েছি। আমরা সকলেই হয়েছি। আগের দিন টিমের সাথে যখন আমি বসি, কোচ-অধিনায়ক দুজনেই বলেছে ‘‘টসে জিতলে ফিল্ডিং নেব’’।’

কিন্তু টসের সিদ্ধান্ত সাধারণত টিম ম্যানেজমেন্ট, দলের টেকনিক্যাল স্টাফরাই নিয়ে থাকেন। সেখানে একজন বোর্ড প্রধানের আগে থেকেই দেওয়া সিদ্ধান্ত নিয়ে বিতর্ক উঠছে স্বাভাবিকভাবেই।