জাতীয় পার্টিকে (জাপা) একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতে নেতাকর্মীদের তাগিদ দিয়েছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
তিনি বলেছেন, দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। তারা চায় জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়ে দেশের দায়িত্ব নিক। এ জন্য জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যারা নির্বাচন করবে এখন থেকেই তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় কাজ করতে হবে। জয়ী হতে দলকে আরও সুসংহত করতে হবে। ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগিয়ে চলাই রাজনীতি। জাতীয় পার্টিতে ত্যাগী, মেধাবী ও আদর্শবান নেতাদের মূল্যায়ন করা হবে। কেউ উড়ে এসে জুড়ে বসতে পারবে না।
জাপা ছেড়ে অন্য দলে যোগ দেওয়া নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা জাতীয় পার্টি ছেড়ে গেছে, তারা ভুল করেছে। তারা আবারও জাতীয় পার্টিতে ফিরে আসতে চাইলে আমরা তাদের গ্রহণ করব।’
বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে সভায় জাপা মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, নাসরিন জাহান রতনা প্রমুখ উপস্থিত ছিলেন।