বাংলাদেশ এখন চতুর্থ শিল্প বিপ্লবে অবস্থান করছে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশ এখন চতুর্থ শিল্প বিপ্লবে অবস্থান করছে। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়; এটি এখন বাস্তবতা। অধিকাংশ কাজ এখন ডিজিটাল ফরমেটে হয়।

রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডিজিটাল সামিট-২০১৯-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুরাদ হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিলেন এবং ২০১১ সালে চতুর্থ শিল্প বিপ্লব শুরু হয়েছে; সেই বিপ্লবে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ চলছে।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এখন কৃষিতে প্রযুক্তির সর্বশেষ সুবিধা ব্যবহারের চেষ্টা চলছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ নতুন দিগন্তে প্রবেশ করছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিল্প বিল্পবে যুক্ত হতে পারেনি। কিন্তু খুব অল্প সময়েই ডিজিটাল বিপ্লব ঘটেছে।’ 

অনুষ্ঠানে চায়না ইলেকট্রনিকস গ্রুপ কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট লিলি গং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের অধ্যাপক মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।