নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইজিবাইক চালক খুন

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হারুন (২৫) নামে এক ইজিবাইক চালক খুন হয়েছে। শনিবার রাত ১১টায় বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত হারুন জামালপুর জেলার ফুলপুর থানার বাষট্টি গ্রামের ইমাম হোসেনের ছেলে। তিনি ফতুল্লার শাসনগাঁও এলাকার গনি মিয়ার বাড়িতে সস্ত্রীক ভাড়া থাকতেন। তিনি স্থানীয় শরীফ মিয়ার ইজিবাইক ভাড়ায় চালাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বক্তাবলী ফেরিঘাটের কাছে দুর্বৃত্তরা ইজিবাইক চালক হারুনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের কাছে সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন দেশ রূপান্তরকে বলেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিক জানা যায়নি। ধারণা করা হচ্ছে যাত্রীবেশে কেউ পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করে থাকতে পারে। আমরা তদন্ত করছি।