বোয়ালখালীতে লোকালয়ে এসে ৩ জনকে পিষে মারল হাতি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় লোকালয়ে নেমে তাণ্ডব চালিয়ে তিনজনকে মেরে ফেলেছে হাতির পাল। রবিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে উপজেলার কধুরখীল, চরণদ্বীপ ও শ্রীপুর-হরণদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চরণদ্বীপ ইউনিয়নের চাঁদেরহাট পূর্ব সৈয়দ নগর এলাকার জাকের হোসেন (৬৫), কধুরখীল ইউনিয়নের মধ্যম কধুরখীল শরীফ পাড়ার আবু তাহের মিস্ত্রী (৬৫) ও শ্রীপুর-হরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকার আব্দুল মাবুদ (৬০)।

স্থানীয়রা জানায়, শনিবার ভোর থেকে সাত থেকে নয়টি হাতির একটি পাল পূর্ব কধুরখীল ইউনিয়নে অবস্থান নিয়েছিল। দিনভর স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হাতিগুলোকে সরানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

স্থানীয়দের বরাত দিয়ে বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, পাহাড় থেকে নেমে আসা হাতির পালটি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এক ভাগ গভীর রাতে পাহাড়ের দিকে চলে যায়।

আরেক ভাগে পাহাড়ের দিকে যাওয়ার সময় রবিবার সকাল সাড়ে ৬টার দিকে পূর্ব কধুরখীলে, সাতটার দিকে চরণদ্বীপের পার্শ্ববর্তী ইউনিয়ন পোপাদিয়া চাঁদের হাটে এবং সাড়ে ৭টার দিকে জ্যৈষ্ঠপুরা এলাকায় লোকজনের ওপর হামলা করে। এতে তিনজন নিহত হয়।