ইলিয়াস কাঞ্চনকে অপমানের প্রতিবাদে মানববন্ধন করবে চলচ্চিত্র পরিবার

ইলিয়াস কাঞ্চন। রাজপথের এক সংগ্রামী মানুষ। ২৫ বছর আগে সড়কে স্ত্রীকে হারিয়ে হৃদয়ে রক্তক্ষরণ বয়ে বেড়াচ্ছেন আজও। সেই ক্ষরণ থেকেই সড়ক নিরাপদ করতে নিরবচ্ছিন্ন ছুটে চলছেন তিনি। ২৫ বছর একাই করে গেছেন সংগ্রাম। নিরাপদ সড়কের দাবিতে পর্দার নায়ক রূপান্তরিত হয়েছেন বাস্তবের নায়কে।

নিরাপদ সড়কের লড়াইয়ে নিবেদিত এই মানুষটিকেও সম্প্রতি হতে হলো অপমানিত। ইলিয়াস কাঞ্চনের আন্দোলনে সমর্থন জানিয়েছে সরকারও। ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করেছে সরকার। এই নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে পরিবহন শ্রমিকেরা কর্মবিরতিও পালন করেছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা রাজপথে ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা দাহ করেছে। ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। পোস্টার বানিয়ে অসম্মান করা হচ্ছে ইলিয়াস কাঞ্চনকে। পরিবহন শ্রমিকদের এমন আচরণের নিন্দা জানিয়েছে সাধারণ মানুষ।

ফেসবুকে ঢুকলেই দেখা যায়, ইলিয়াস কাঞ্চনকে বাস্তবের নায়ক উল্লেখ করে অসংখ্য স্ট্যাটাস। কেউ কেউ গ্রাফিকসের মাধ্যমে ইলিয়াস কাঞ্চনকে সুপারম্যান হিসেবেও তুলে ধরেছেন। ইলিয়াস কাঞ্চনের নানা সিনেমার নামের ওপর নির্ভর করেও তৈরি করা হয়েছে পোস্টার।

তারকারাও ইলিয়াস কাঞ্চনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘কাঞ্চন ভাইয়ের পাশে শিল্পী সমিতি থাকবে। যারা নিরাপদ সড়ক চায় না তারা  দেশের ও সমাজের শত্রু। যারা ইলিয়াস কাঞ্চন ভাইকে অপমান করেছে তাদেরকে শিল্পী সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। কাঞ্চন ভাই দীর্ঘদিন ধরে মানুষকে সচেতন করে আসছেন, এটা আমাদের গর্বের বিষয়।’

এবার চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর সম্মিলিত সংগঠন চলচ্চিত্র পরিবার ইলিয়াস কাঞ্চনের অপমানের প্রতিবাদে মানব বন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে।

২৫ নভেম্বর দুপুর ১২টায় এফডিসির গেটের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮টি সংগঠন। আজ শনিবার (২৪ নভেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

মানববন্ধনের ডাক দেয়া ১৮ সংগঠনের অন্তর্ভুক্ত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রগ্রাহক, ফাইট ডিরেক্টর, সহকারী পরিচালকদের সমিতিগুলো।