দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (মনোরোগ বিশেষজ্ঞ) ও কাউন্সিলর (পরামর্শক) নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। কার্যতালিকায় আসলে সংশ্লিষ্ট একটি বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী।
আবেদনের বলা হয়েছে, তথ্য প্রযুক্তির অবাধ বিস্তারসহ নানা কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকাসক্তি, যৌন হয়রানি, আত্মহত্যা, আত্মহত্যার চেষ্টা, হত্যাসহ নৈতিক অবক্ষয়, বেপরোয়া জীবনযাপন, অস্থিরতার ঘটনা ঘটছে। সাম্প্রতিককালে এগুলো আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ কারণে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও কাউন্সিলর নিয়োগ দেওয়া প্রয়োজন।
রিটকারী আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, আবেদনে শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, জনস্বাস্থ্য সচিব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।