গ্রামপুলিশ দিয়ে ধরে এনে নারী শিশুদের পিটিয়ে হাসপাতালে

লক্ষ্মীপুরের রামগঞ্জে গ্রামপুলিশদের দিয়ে বাড়ি থেকে ইউপি কার্যালয়ে ধরে এনে একই পরিবারের চার নারী ও শিশুকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। চেয়ারম্যানভক্ত এক আওয়ামী লীগ নেতার পাওনা টাকার জের ধরে তাদের পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে গত শনিবার বিকেলে উপজেলার করপাড়া ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলোÑ মৃত আবুল বাশারের স্ত্রী আমীরুন্নেছা (৬০), তার মেয়ে বেবী আক্তার, নাতনি রিয়া আক্তার ও নুহা আক্তার (২)।

হাসপাতালে মারধরের শিকার ভুক্তভোগীরা জানান, স্থানীয় করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের কাছ থেকে ১০ হাজার টাকা সুদে নেন মৃত আবুল বাশারের স্ত্রী আমীরুন্নেছা। পরে ওই মূল ১০ হাজার টাকাসহ আরও বাড়তি ১০ হাজার টাকা সুদ হিসেবে গ্রহণ করেন তিনি। তারপরও আমীরুন্নেছার কাছে টাকা পাবেন এমন অভিযোগ এনে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ জানান শাহজাহান কবির। চেয়ারম্যান মজিবুল হক মজিব গত শনিবার গ্রামপুলিশ দিয়ে তাদের বাড়ি থেকে ইউপি কার্যালয়ে ডেকে আনান। পরে ওই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ করেন হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীরা। 

ইউপি চেয়ারম্যান মজিবুল হক বলেন, উভয় পক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের ইউপি কার্যালয়ে আনা হয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি।

রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মারধরের ঘটনাটি শুনেছি। থানায় অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।