সাতক্ষীরায় কৃষকের মুখ ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা

সাতক্ষীরার কলারোয়ায় দাহ্য পদার্থ ছুড়ে সুলতান দালাল (৫০) নামে এক কৃষকের মুখ ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাতে কলারোয়া উপজেলার নাছোপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

আহত সুলতানের বাড়ি উপজেলার নাতপুর গ্রামে।

সুলতান জানান, তিনি মাদ্রা বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে দুজন লোক এসে তার গতিরোধ করে। একজন তার মুখে টর্চলাইট মেরে রাখে অন্যজন তার মুখে দাহ্য পদার্থ ছুড়ে মেরে পালিয়ে যায়। তিনি যন্ত্রণায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

তার স্ত্রী সালমা বেগম বলেন, স্থানীয়রা সুলতানকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করান।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক হাফিজউল্লাহ জানান, সুলতানের মুখমণ্ডল ও হাত পুড়ে গেছে। তার একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

কলারোয়া থানার ওসি মনির-উল-গিয়াস বলেন, ‘আমি লোকমুখে ঘটনাটি শুনেছি। থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’