নিজেকে কীভাবে মূল্যায়ন করছেন মুমিনুল

অধিনায়কত্বের শুরুর পর্বটা মোটেও ভালো হয়নি মুমিনুল হকের। ভারত সফরের আগে হঠাৎ করেই টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়া হয় তার কাঁধে। মুমিনুলের নেতৃত্বে ভারতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

দুই ম্যাচেই বাংলাদেশের হার ইনিংস ব্যবধানে। ব্যাট হাতেও অধিনায়ক মুমিনুল ছিলেন ব্যর্থ। বিশেষ করে ইডেন টেস্টে পেয়ার (দুই ইনিংসেই ডাক) পেয়েছেন তিনি। তা নিজেকে কীভাবে মূল্যায়ন করছেন মুমিনুল?

রবিবার ইডেন টেস্ট শেষে সংবাদ সম্মেলনে মুমিনুলকে প্রশ্ন করা হলো নিজের পারফরম্যান্স নিয়ে। ইন্দোরে মুমিনুলের ইনিংস দুটি ছিল- ৩৭ ও ৭। কলকাতার ইডেনে জোড়া ‘চশমা’। তাতে টেস্টে মুমিনুলের ব্যাটিং গড় প্রথমবারের মতো নেমে গেছে চল্লিশ-এর নিচে।

কিন্তু মুমিনুল বলছেন নিজের পারফরম্যান্স নিয়ে এরপরও হতাশ নন তিনি, ‘দেখেন, আমি গড় নিয়ে অত বেশি মাথা ঘামানো বা চিন্তা করছি না। দল নিয়ে চিন্তা করছি, যে হতাশজনক রেজাল্ট হয়েছে। এটা স্বাভাবিক। হতাশজনক পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই খারাপ লাগে।’

রান করায় নিজে সংগ্রাম করছেন। এই সংগ্রাম থেকেই ভালো কিছুর দিশা দেখছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক, ‘হয়তো আমি এখন সংগ্রাম করছি। সংগ্রাম মানুষকে ভালো কিছু দেয়। আমার কাছে স্ট্রাগল মেকস বেটার। আমার মনে হয় সামনে ভালো করব।’

ইন্দোরে ইনিংস ও ১৩০ রানে হারের পর ইডেনে ইনিংস ও ৪৬ রানে হেরেছে বাংলাদেশ। পুরো সিরিজে বাংলাদেশ ছিল ছন্নছাড়া। লড়াকু মনোভাব তো দূরের কথা, পরিকল্পনাতেই ঘাটতি ফুটে উঠেছে ব্যাপক।

তবে এখনেও ইতিবাচক মুমিনুল, ‘আপনারা সবাই অবগত, টেস্ট হয়তো আমাদের ওভাবে খেলা হয় না। আমার কাছে মনে হয়, সামনের বছর আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। ১০টার মতো টেস্ট ম্যাচ আছে। আমরা যখন টানা এক সাথে টেস্ট ম্যাচ খেলব, তখন আমার কাছে মনে হয় এটা ওভারকাম হয়ে যাবে আল্লাহর রহমতে।’

মুমিনুলের এমনিতে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয় না। তার গায়ে অনেক আগেই লাগিয়ে দেওয়া হয়েছে টেস্ট স্পেশালিস্ট তকমা। এদিন এক ভারতীয় সাংবাদিক এ নিয়ে প্রশ্ন করলেন। অনেক দিন পর পর খেলার সুযোগ পেয়ে মানিয়ে নিতে কতটা সংগ্রাম করতে হয় মুমিনুলকে?

মুমিনুল বরাবর যা বলেন সেটিই বললেন এদিনও, ‘যখন খেলা কম থাকে তখন সংগ্রাম করতে হয়। কারণ কোনো কোনো সময় ৫টা টেস্ট থাকে, কোনো সময় ৩টা টেস্ট থাকে। আজ থেকে দুই বছর আগে আমার মাইন্ডে এটা বলত, এভাবে খেলা চ্যালেঞ্জিং। এরপর থেকে নিজেকে মানিয়ে নিয়েছি।’

‘দিন শেষে আসলে আমাকেই মানিয়ে নিতে হবে। আমি ওভাবেই নিজেকে মানিয়ে নিয়েছি। এখন আর ওরকম কোনো সমস্যা হয় না।’- যোগ করেন মুমিনুল।