একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঝিনাইদহের কোলা গ্রামের তিনজনের বিরুদ্ধে অভিযোগের প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
রবিবার রাজধানীর ধানমণ্ডিতে সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। তিন আসামির দুজন হলেন কোলা গ্রামের আবদুর রশিদ মিয়া (৬৬) ও সাহেব আলী মালিথা (৬৮)। মামলার স্বার্থে অন্য আসামির নাম প্রকাশ করা হয়নি। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় এলাকায় অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার অভিযোগ আনা হয়েছে।
আসামি রশিদ মিয়া ও সাহেব আলী গত ২২ অক্টোবর গ্রেপ্তারের পর কারাগারে। সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান ও জ্যেষ্ঠ সমন্বয়ক এম সানাউল হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জানানো হয়, আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালের ২৭ জুন তদন্ত শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান জানান, সাড়্গীদের জবানবন্দিসহ তিনটি ভলিউমে ৭৪ পৃষ্ঠার প্রতিবেদনটি আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেওয়া হবে।