ডিএনসিসি

সাবেক ভাণ্ডার কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা আবদুল মালেকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে এ মামলা করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন।

এজাহারে বলা হয়েছে, ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে টাকা আত্মসাতের এ ঘটনা ঘটে। আসামি মালেক সহকারী ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় তার ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ৬৫ লাখ ৩৩ হাজার ৩৮ টাকা ৫৯ পয়সার সরকারি মালামাল আত্মসাৎ করেছেন। এর মধ্য দিয়ে দণ্ডবিধির ৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শািস্তযোগ্য অপরাধ করেছেন তিনি।