ইংলিশ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে নাটকীয় ম্যাচে ‘ড্র’ করেছে।
রোববার প্রতিপক্ষের মাঠ থেকে ৩-৩ ড্র করে ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। ছয় গোলের পাঁচটিই হয় দ্বিতীয়ার্ধে!
ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের ১৯তম মিনিটে পিছিয়ে পড়ে। এসময় গোল করেন ইংলিশ মিডফিল্ডার জন ফ্লেক।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে সুলশারের দল। ২৫ গজ দূর থেকে জোরালো নিচু শটে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড লিস মুসে।
ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে ফেরা শুরু করে ৭০ মিনিটের পর। সাত মিনিটের মধ্যে তিন গোল করে এগিয়ে যায় দলটি।
৭২তম মিনিটে গোল করেন ব্র্যান্ডন উইলিয়ামস। পাঁচ মিনিট পর আরেকটি করেন ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউড।
৭৯তম মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। মার্সিয়ালের সঙ্গে বল দেওয়া নেওয়া করে ড্যানিয়েল জেমসের কাটব্যাক পেয়ে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ ফরোয়ার্ড র্যাশফোর্ড।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠিয়ে মূল্যবান ১ পয়েন্ট নিশ্চিত করেন শেফিল্ডের ফরোয়ার্ড ম্যাকবার্নি।
১৩ ম্যাচে চার জয় ও ছয় ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে শেফিল্ড ইউনাইটেড। ১ পয়েন্ট কম নিয়ে নবম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৭। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেস্টার সিটি। তিনে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৮। ২৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি।