অনুমিত ছাড়া বিএনপি তাদের শাসনামলে আওয়ামী লীগকে কোনো সভা-সমাবেশ করতে দেয়নি বলে জানিয়ছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ করার শক্তি বা সামর্থ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের অনুমতি ছাড়া বিএনপি সভা-সমাবেশ করবে বিষয়টি আমার কাছে হাস্যকর। পুলিশের অনুমতি ছাড়া তাদের (বিএনপি) সভা-সমাবেশ করার সাহস, শক্তি আছে কি না আমার প্রশ্ন আছে। আন্দোলনে তাদের কোনো সক্ষমতা আছে?’
ওবায়দুল কাদের বলেন, বিএনপি কোনো আন্দোলনে ৫০০ লোক দেখাতে পারেনি।
বিএনপির আমলে আওয়ামী লীগকে অনুমতি নিয়েই সভা-সমাবেশ করতে হয়েছে জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, ‘তারা (বিএনপি) অনুমতি নেবেন না কেন? তাদের আমলে অনুমতি ছাড়া আমাদের কোনো সভা-সমাবেশ করতে দেয়নি। ’
রবিবার রাজধানীতে বিএনপির এক সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের পর থেকে বিএনপি সমাবেশ করতে আর কোনো অনুমতি নেবে না। যখন প্রয়োজন সমাবেশ হবে।’
এর আগে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীসহ সারাদেশে সমাবেশের ঘোষণা দিলেও পুলিশের অনুমতি না পাওয়ায় রাজধানীতে পূর্ব নির্ধারিত সমাবেশের কর্মসূচি একদিন পিছিয়ে রবিবার করে দলটি। ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশে ফখরুল এসব কথা বলেন।