মাদারীপুরে ৩০ হাজার সবজি ভাজা দিয়ে ৫ হাজার মানুষের মহাপ্রসাদ

মাদারীপুরের সর্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ৩০ হাজার সবজি ভাজা দিয়ে ৫ হাজার নারী-পুরুষদের জন্য মহাপ্রসাদের (খাবার) ব্যবস্থা করা হয়েছে।

মহাপ্রসাদ হিসেবে দেওয়া খাবারের তালিকায় ছিল- বেগুন ভাজা, করলা ভাজা, কুমড়া ভাজা, আলু ভাজা, পটল ভাজা, শুকনা মরিচ ভাজা। সঙ্গে ছিল- ভাত, বিভিন্ন ফল দিয়ে তৈরি চাটনি, ডাল ও মিষ্টান্ন।

মাদারীপুরের মস্তফাপুরে সর্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ১৬ দিন যাবৎ রাম-কীর্তনের ১৫ তম দিনে সোমবার এই মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে প্রতিদিনই ১ হাজার লোকের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করে আসছেন শ্রী শ্রী রাধা গোবিন্দ যুব কমিটি। এই কমিটি ১১ বছর ধরে রাম-কীর্তনের আয়োজন করে আসছে।

জানা যায়, প্রতিবছর মতো ১০ নভেম্বর থেকে শুরু হয় রাম কীর্তন। এই আয়োজনে শরিয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশাল, গৌরনদীসহ ৫-৭টি জেলার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ অংশগ্রহণ করে থাকেন।

লক্ষণ দাস জানান, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে কীর্তন শুনতে এসেছি। আসতে পেরে খুবই ভালো লাগছে। আশা রাখি ভবিষ্যতে এই আয়োজন অব্যাহত থাকবে।

মস্তফাপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের যুব কমিটির সভাপতি গৌতম সাহা জানায়, আমরা আজ ১১ বছর যাবৎ এই আয়োজন করে আসছি। ভবিষ্যতে প্রয়োজনে আরও বড় আয়োজন করব।

মন্দির কমিটির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ জানান, আমরা প্রতিবছর এই আয়োজন করে আসছি। আমাদের আয়োজন দেখে অনেক জেলায় এখন এটা শুরু করেছে। ১৫ তম দিন আমাদের যুব কমিটির উদ্যোগে এক বেলা খাবারের ব্যবস্থা করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের স্বেচ্ছাসেবক কমিটিও সক্রিয় থাকে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. বদরুল আলম মোল্লা জানান, তাদের আয়োজনে আমাদের প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে আসছি।