স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। তানিম রহমান অংশু নির্মিত এ চলচ্চিত্রটি হতে যাচ্ছে সার্ফিং নিয়ে দেশের প্রথম চলচ্চিত্র।
২১ নভেম্বর ছবিটি সেন্সর বোর্ড সদস্যরা দেখেছেন। দেখার পর তারা ছবিটি ভালো বললেও একে প্রদর্শনীর ছাড়পত্র দেননি। ছবির কিছু সংলাপ নিয়ে আপত্তি জানিয়েছিলেন। কিছু সংশোধন করার ফলে অবশেষে ২৫ নভেম্বর সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘ন ডরাই’।
একজন নারী সার্ফারের জীবন থেকে উৎসাহিত হয়ে এ ছবির গল্প গড়ে উঠেছে। একটি সত্য ঘটনা অবলম্বনেই এর গল্প। নারীর এগিয়ে যাওয়ার একটা বার্তাও থাকবে ‘ন ডরাই’-তে।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ ও শরীফুল রাজ। মডেল হিসেবে দুজনেই পরিচিত হলেও এবার তারা জুটি বেঁধে বড়পর্দায় আসছেন এ সিনেমার মাধ্যমে।
নির্মাতা অংশু জানান, ‘ন ডরাই’ নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলবে। সার্ফিং করার মতো চ্যালেঞ্জিং কাজটি একজন নারী হয়েও কীভাবে করা হয়েছে, সিনেমাটিতে তাই দেখানো হবে।
সুনেরাহ বলেন, এটি আমার প্রথম কাজ। সিনেমাটি করতে গিয়ে নাছিমার গল্প আমাকে খুব অনুপ্রাণিত করেছে। আমাকে চট্টগ্রামের ভাষা শিখতে হয়েছে। শুটিংয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার বিশ্বাস দর্শকের ছবিটি ভালো লাগবে।
সত্য ঘটনা অবলম্বন করে ‘ন ডরাই’-এর চিত্রনাট্য লিখেছেন বলিউড ছবি ‘পিংক’-এর চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত। সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। সিনেমাতে চট্টগ্রামের ভাষা শুনতে পাবেন শ্রোতা-দর্শকরা। তবে তা সবাই যেন বুঝতে পারে সেভাবেই ব্যবহার করা হয়েছে।