কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে সুজয় ঘোষ ‘কাহানি’র প্রিক্যুয়েল নিয়ে ব্যস্ত। সোমবার শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের একটি টুইট সেই সম্ভাবনাকেই জোরদার করেছে।
ওই টুইটে বলা হয়, সুজয়ের বাউন্ড স্ক্রিপ্ট ও রেড চিলিজ যৌথভাবে প্রযোজনা করছে ‘বব বিশ্বাস’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিষেক বচ্চনকে দেখা যাবে। এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
টুইটে আরও জানানো হয়, ছবির পরিচালক সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ।
মিশ্র প্রতিক্রিয়ার কারণ কী? যারা সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’ (২০১২) দেখেছেন, তারা জানেন ওই ছবিতে বব বিশ্বাসের ভূমিকায় অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। মাস কয়েক আগে যখন প্রথম শোনা যায় যে বব বিশ্বাসকে নিয়ে ‘কাহানি’র একটি স্পিন অফ ছবি তৈরি হতে পারে, তখন এমনটাও শোনা গিয়েছিল যে মুখ্য চরিত্রে থাকবেন শাশ্বত স্বয়ং। দিন দুই আগে বলা হলো, ‘কাহানি’র প্রিক্যুয়েল হবে বিদ্যা বাগচির গল্প।
কিন্তু সব জল্পনার অবসানে আশাহত হয়েছেন পশ্চিমবঙ্গের দর্শক। তাদের বেশির ভাগের বক্তব্য, বব বিশ্বাস চরিত্রটিকে যিনি জনপ্রিয় করে তুললেন, সেই শাশ্বতের পরিবর্তে কেন অভিষেককে বেছে নেওয়া হলো? তবে সামনে কোনো টুইস্ট আছে কিনা- তার জন্য ধৈর্য ধরার পরামর্শ দিলেন কেউ কেউ।