মসজিদে ‘গোপন বৈঠক’: শিবিরের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলায় গোপন বৈঠক থেকে বেশ কিছু প্রচারপত্র, জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদসহ ইসলামী ছাত্র শিবিরের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় পত্নীতলার নজিপুর আলহেরা মসজিদ থেকে তাদের গ্রেপ্তার করে পত্নীতলা থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, ধামইরহাট উপজেলার খেলনা গ্রামের উসমান আলীর ছেলে রেজুয়ান (২৮), পত্নীতলা গগনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মোত্তাকিন হোসেন (২২), ধামইরহাট চকমহেশ গ্রামের কছিম উদ্দিনের ছেলে আনসার আলী (২০), কাটাবাড়ী গ্রামের শরিফ উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন (২৬), হাসেন বেগপুর গ্রামের সাইদুর ইসলামের ছেলে মোক্তাদির রহমান (২৪), পাহাড়পুর গ্রামের সামসুল আলমের ছেলে হোসেন আলী (২৭), পোরশ উপজেলার নিতপুর কপালীমোড় এলাকার ইব্রাহিমের ছেলে ইয়ামিন (২০), উপজেলার পাছিড়া গ্রামের বুলবুল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৩)।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চক্রবর্তী দেশ রূপান্তরকে বলেন, সোমবার আসরের নামাজের পর থেকে আলহেরা মসজিদে শিবিরের কিছু নেতাকর্মী গোপন বৈঠক করছে। এমন সংবাদ পেয়ে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় বেশ কিছু প্রচারপত্র, জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ বইসহ শিবিরের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

তাদের থানা হেফাজতে জিঞ্জাসাবাদের পর আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।