যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধান রিচার্ড স্পেন্সারকে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। যুদ্ধক্ষেত্রে অসদাচরণের দায়ে অভিযুক্ত নেভি সিল কর্মকর্তা অ্যাডওয়ার্ড গালাগারের মামলা পরিচালনায় চেইন অব কমান্ড ভঙ্গের কারণে তাকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে।
তবে বিবিসি বলছে, ইরাক যুদ্ধের সময় আটক আইএস কিশোরকে ছুরি মেরে হত্যার পর লাশের সঙ্গে ছবি তোলেন গালাগার। হত্যার অভিযোগ থেকে খালাস পেলেও তাকে ছবির ঘটনায় সামরিক আদালত দোষী সাব্যস্ত করে পদমর্যাদা কেড়ে নেয়। কিন্তু এ সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্প মেনে নিতে পারেননি, নভেম্বরে তিনি গালাগারের পদমর্যাদা ফিরিয়ে দেন।
এ নিয়ে পেন্টাগন ও প্রেসিডেন্টের মধ্যে নজিরবিহীন উত্তেজনা তৈরি হয়। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের মতের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্পেন্সার বরখাস্ত হলেন। এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেন, ‘নৌবাহিনী প্রধানের ওপর আস্থা হারিয়েছেন ট্রাম্প। কারণ হোয়াইট হাউজে তিনি ব্যক্তিগতভাবে যা বলেন, প্রকাশ্যে বিপরীত অবস্থান নেন।’
তবে স্পেন্সার বলেন, ‘এটা সত্য, শৃঙ্খলা বিষয়ে ট্রাম্পের সঙ্গে আমার অবস্থান কখনো এক হবে না। একজন সৈনিক, নাবিক ও বেসামরিক সহকর্মীর জীবন আক্ষরিক অর্থে বহু অভিযানে মৃত্যুর মতো। আইনের শাসনই প্রতিপক্ষ থেকে আমাদের পৃথক করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, নিয়োগকারী কমান্ডার ইন চিফের সঙ্গে আমি আর একমত হতে পারছি না।’