ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র ম-লের আদালত তাকে কারাগারে পাঠায়। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাজহারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
এদিকে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।
গতকাল দুপুরে হেলাল নাশকতা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালতে হেলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম।