বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য আদালতের ওপর অতিমাত্রায় নির্ভরতা কমাতে হবে। কারণ আদালত তাকে জামিন দেবে না। রাজপথে নেমে আন্দোলন করলে এত দিনে নেত্রী মুক্তি পেতেন। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ^র বলেন, ‘১ বছর ১০ মাস আদালতের রায়ের ওপর ভরসা না করে যদি আমরা রাস্তায় আন্দোলন করতাম, তাহলে এত দিনে নেত্রী মুক্তি পেয়ে যেতেন। দেশের জনগণ যা কিছু পেয়েছে, আন্দোলন করেই পেয়েছে। আদালতের রায়ে পায়নি। দেশ স্বাধীন করা হয়েছে সেটাও আন্দোলনের মাধ্যমে, আদালতের রায়ে হয়নি।’ তিনি অভিযোগ করে বলেন, সরকার ষড়যন্ত্র চালাচ্ছে জিয়া পরিবারের ওপর। জিয়া পরিবারের সংখ্যা দেশে কম হলেও ১৬ কোটি। এ পরিবারের প্রতি ষড়যন্ত্র করা মানেই দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি ষড়যন্ত্র করা। গয়েশ^র বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু গণতন্ত্র পাইনি। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি। গণতন্ত্র নিয়ে যদি আমরা আন্দোলন করি, তাহলে আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পারব।