২৮ বছর কেটে রাখা টাকা ফেরত চায় ডাকসু

কার্যক্রম না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নামে ২৮ বছর শিক্ষার্থীদের থেকে কেটে রাখা অর্থ ফেরত চাওয়া হয়েছে। গতকাল সোমবার ডাকসুর জিএস গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২০ নভেম্বর ডাকসুর সাধারণ সভা হয়। সভায় ডাকসু বাবদ ২৮ বছর কেটে রাখা ফি আগামী ডিসেম্বরের মধ্যে ফান্ডে জমা দিতে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফি মওকুফ, আবাসন সমস্যা সমাধানে ডিসেম্বরের মধ্যে প্রত্যেক হলে ‘বাঙ্ক বেড’ স্থাপন, ক্যাম্পাসে ইজিবাইক চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যগুলো সংস্কার, সেখানে নামফলক স্থাপন এবং ২০২০ সালের জানুয়ারিতে প্রথমবর্ষের শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।